রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের আংশিক ভাঙা সাবেক বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুজন লোক ককটেলগুলো রেখে চলে যান। সেখানে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি কাগজ পাওয়া গেছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেল দুটি নিষ্ক্রিয় করে।
ধানমন্ডির সিটি কলেজের কাছেও আরও দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দাঁড় করানো একটি গাড়ির দিকে ককটেল ছোড়া হয়। সেটি কলাভবনের পাশের শ্যাডো এলাকায় বিস্ফোরিত হয়। গাড়ির চালক গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অনুষদের ভারপ্রাপ্ত ডিন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছেসহ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

