সৌদি আরব বাংলাদেশিদের জন্য হজের কোটা পাঁচ হাজার বাড়িয়েছে। এতে ২০২৭ সালের হজে মোট ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।
ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার জেদ্দায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চুক্তি সম্পাদন শেষে তিনি জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও পাঁচ হাজার কোটা বাড়িয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করেন। আগামী বছরের জন্যও বাংলাদেশের কোটা একই সংখ্যক রেখেছিল সৌদি আরব।
ধর্মমন্ত্রী বলেন, কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে বা কোনো দেশের কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে কোটা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ধর্মমন্ত্রীর ভাষ্য, সৌদি মন্ত্রী স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের জন্য যা করার দরকার, তাঁরা তা করবেন।
কোটা বাড়ানো ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।

