কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। কাতারপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
৭ নভেম্বর সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে জিপিএ-৫ অর্জনই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন ইউএনও। তাঁর মতে, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নিলে তরুণেরা বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে থাকতে পারে। সমাজে গুণীজনদের সম্মান জানানোর মাধ্যমে নতুন প্রজন্মও ভালো কাজে উৎসাহিত হয় বলে তিনি মন্তব্য করেন।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতার প্রবাসী সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. আহম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন এবং মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর, জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক নেতা মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের ও জাহাঙ্গীর আলম মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং তাদের মেধা ও অর্জনের স্বীকৃতি জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে জসিম উদ্দিনের এমন সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকেরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষাবিদেরা অংশ নেন।

