ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

এক দশকে বিদেশি ঋণ প্রায় তিন গুণ হয়ে ১১৩ বিলিয়ন ডলারে

এক দশক আগে বাংলাদেশের বিদেশি ঋণ ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার। ২০২৫ সালের শেষে তা প্রায় তিন গুণ হয়ে ১১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এক দশকে বিদেশি ঋণ প্রায় তিন গুণ হয়ে ১১৩ বিলিয়ন ডলারে
এক দশকে বিদেশি ঋণ প্রায় তিন গুণ হয়ে ১১৩ বিলিয়ন ডলারে
এক দশক আগে বাংলাদেশের বিদেশি ঋণ ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার। ২০২৫ সালের শেষে তা প্রায় তিন গুণ হয়ে ১১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ঋণ-প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মোট বিদেশি ঋণের হিসাবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ঋণ বাড়ার হার বাংলাদেশের চেয়ে বেশি শুধু মালদ্বীপে।

ভারতের বিদেশি ঋণ ৭৬৪ বিলিয়ন ডলার, যা ১০ বছরে ৫৯ শতাংশ বেড়েছে। পাকিস্তানের ঋণ ১৩৫ বিলিয়ন ডলার, এক দশকে তা প্রায় দ্বিগুণ হয়েছে। শ্রীলঙ্কার ঋণ ৩১ শতাংশ বেড়ে ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নেপালের ঋণ ১৮৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ বিলিয়ন ডলার এবং ভুটানের ঋণ ৫৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে। মালদ্বীপের ঋণ চার গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

রপ্তানি আয়ের তুলনায় বাংলাদেশের ঋণের বোঝা পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানের চেয়ে কম, তবে ভারত ও নেপালের চেয়ে বেশি। ২০২৫ সালে রপ্তানি আয়ের ১৬ শতাংশ গেছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে। আগের বছরের তুলনায় এ হার ৩ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। দক্ষিণ এশিয়ার গড় ১০ শতাংশ, শ্রীলঙ্কায় ২৬ শতাংশ ও ভুটানে ১৯ শতাংশ। মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় বাংলাদেশের ঋণ পরিশোধের ব্যয় ২ শতাংশ, যা ভারত ও দক্ষিণ এশিয়ার গড়ের সমান। শ্রীলঙ্কায় এ হার ৫ শতাংশ, ভুটানে ৬ শতাংশ। জিএনআইয়ের তুলনায় বিদেশি ঋণের অনুপাত বাংলাদেশে ২৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার গড় ২১ শতাংশ। ভারতে এ হার ২০ শতাংশ, পাকিস্তানে ৪১ শতাংশ ও শ্রীলঙ্কায় ৫৪ শতাংশ।

বাংলাদেশের বিদেশি ঋণ বার্ষিক রপ্তানি আয়ের ২১০ শতাংশের সমান। ভারতে এ হার ৮৩ শতাংশ, দক্ষিণ এশিয়ার গড় ৯৫ শতাংশ। পাকিস্তানে ৩২৪, ভুটানে ৩০১ ও শ্রীলঙ্কায় ২৭২ শতাংশ। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ঋণের বিভিন্ন সূচকে বাংলাদেশ এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে ভালো অবস্থানে, তবে ভারতের চেয়ে পিছিয়ে। তিনি বলেন, ‘কী ধরনের ঋণ নেওয়া হচ্ছে এবং সেই অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সতর্ক না হলে বাংলাদেশ আরেকটি শ্রীলঙ্কায় পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে নেওয়া ঋণের সুদের হার তুলনামূলক বেশি। এসব ঋণ পরিশোধের মেয়াদ ও ছাড়কালও কম। ফলে আগামী কয়েক বছরে ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়বে। গত অর্থবছরে সরকার বিদেশি ঋণ পরিশোধ করেছে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০২৯ সাল নাগাদ তা ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর মোট বিদেশি ঋণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২১ সালের পর এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। ওই বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো ঋণের আসল ও সুদ বাবদ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ বেশি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন