ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

বাইন্যান্সে বড় অঙ্কের ক্রিপ্টো চুরির পর নজরদারি বাড়াচ্ছে বীমা কোম্পানি

নবায়নের সময় সুনির্দিষ্ট দুর্বলতা যাচাই করতে পারে কোম্পানিগুলো, রাষ্ট্র-সমর্থিত হামলায় ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

বাইন্যান্সে বড় অঙ্কের ক্রিপ্টো চুরির পর নজরদারি বাড়াচ্ছে বীমা কোম্পানি
বাইন্যান্সে বড় অঙ্কের ক্রিপ্টো চুরির পর নজরদারি বাড়াচ্ছে বীমা কোম্পানি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টো চুরির ঘটনায় প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তার ওপর বীমা কোম্পানিগুলোর নজরদারি আরো বেড়েছে। গত ২৯ অক্টোবর এ চুরির ঘটনা ঘটে। এদিকে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলোও দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, এখন থেকে কোনো প্রতিষ্ঠান নতুন বীমা নিতে বা বিদ্যমান পলিসি নবায়ন করতে গেলে বীমা কোম্পানিগুলো দেখবে, প্রতিষ্ঠানটি বাইন্যান্সের মতো হামলার ঝুঁকিতে আছে কি না। তবে কোম্পানিগুলো ক্রিপ্টো খাত থেকে পুরোপুরি সরে যাবে বা বীমা সুবিধা কমিয়ে দেবে, এমন মনে করার কারণ নেই।

ক্রিপ্টো সংশ্লিষ্টরা বলছেন, এ হামলা আড়াই ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের দ্রুত বর্ধনশীল এই শিল্পে বিদ্যমান বীমা সুরক্ষার সীমাবদ্ধতা সামনে এনেছে। বাইন্যান্সের মতো বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কোনো বীমা ব্যবস্থা এখন নেই। এ ছাড়া অনেক বীমা পলিসিতে রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ না দেওয়ার শর্ত থাকে। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ হামলার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীকে দায়ী করছে। পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

গত সপ্তাহে প্রকাশিত বাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ভুয়া চাকরির সাক্ষাৎকার এবং বিজ্ঞাপনের আড়ালে লুকানো সফটওয়্যার ব্যবহার করে হ্যাকাররা প্রতিষ্ঠানটির দুজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কম্পিউটারে ঢোকে। এরপর তৃতীয় আরেকটি কম্পিউটার ব্যবহার করে তারা ৬৩০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টো হাতিয়ে নেয়। বাইন্যান্স জানায়, জুনে শুরু হওয়া এ প্রক্রিয়া ছিল বহু পর্যায়ের, যেখানে একের পর এক নিরাপত্তা লঙ্ঘন ঘটে।

গ্যালাঘারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রজার্স বলেন, বীমা কোম্পানিগুলো এখন বাইন্যান্সকেন্দ্রিক সুনির্দিষ্ট প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটি হবে সহজ, বাইন্যান্সের সঙ্গে আপনাদের সম্পর্ক কী এবং সেখানে কোনো অর্থ জমা আছে কি না। মার্শের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান জ্যাকলিন কুইন্টাল জানান, সক্ষমতা, মূল্য বা কভারেজে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে একই ধরনের হামলার ঝুঁকিতে আছে কি না, এমন প্রশ্ন কোম্পানিগুলো গ্রাহকদের করতে পারে।

নির্বাহীদের ভাষ্য, বীমার প্রভাব সম্ভবত পরবর্তী নবায়নের সময় স্পষ্ট হবে। পলিসি সাধারণত এক বছরের জন্য কার্যকর থাকে, ফলে মেয়াদ বাড়ানোর আগে বীমা প্রদানকারীরা ঝুঁকি পুনর্মূল্যায়ন, হালনাগাদ তথ্য চাওয়া এবং নতুন নিরাপত্তা শর্ত আরোপের সুযোগ পায়। লন্ডনভিত্তিক রিড স্মিথ ল ফার্মের বীমাবিষয়ক আইনজীবী পিটার হার্ডি বলেন, তদন্তে নিরাপত্তায় সুনির্দিষ্ট দুর্বলতা ধরা পড়লে অন্য গ্রাহকদের ক্ষেত্রেও তা দূর করার শর্ত জুড়ে দিতে পারে বীমা কোম্পানিগুলো।

মর্নিংস্টার ডিবিআরএসের ব্যবস্থাপনা পরিচালক মার্কোস আলভারেজ জানান, উত্তর কোরিয়ার সম্পৃক্ততা থাকলে দাবি নিষ্পত্তি জটিল হতে পারে। কারণ ২০২৩ সাল থেকে লয়েডসের সাইবার বীমা পলিসিতে সাধারণত রাষ্ট্রীয় মদতপুষ্ট হামলাকে আওতার বাইরে রাখা হচ্ছে। এ ছাড়া বাইন্যান্সের ক্ষতি বাজারে থাকা যেকোনো পলিসির সর্বোচ্চ কভারেজ সীমার চেয়েও বেশি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন