আইনমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক কোনো সমস্যা নয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এটি কোনো বিরোধের বিষয় নয়। ইস্যুটা মিয়ানমার থেকে উৎসারিত। মিয়ানমারকে এর সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এতে সম্পৃক্ত করতে হবে। এটাই আমাদের সুস্পষ্ট বক্তব্য।’
রোহিঙ্গাদের মানবাধিকার সরকারের চিন্তায় আছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তাদের নাগরিক অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিও ভাবনায় রয়েছে। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং নাগরিকত্ব—সবই প্রত্যাবাসনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে।
আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের মতো একটি গরিব দেশে ১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমরা ঝুলে আছি।’ তাঁর ভাষ্য, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২ থেকে ৯০ শিশুর জন্ম হচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, একদিকে মানবিক দিকটি বাংলাদেশের বিবেচনায় আছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নও এর সঙ্গে জড়িত।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় নীতিমালা কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এ সংকট কীভাবে মোকাবিলা করা যায়, কমিটি তা দেখবে।

