ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

সেপ্টেম্বরে আমদানি করা এলপিজির ৮৫ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থেকে

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা বেড়েছে। এতে সরবরাহ বিঘ্নিত হওয়া ও দামের ওঠানামার ঝুঁকি তৈরি হয়েছে।

সেপ্টেম্বরে আমদানি করা এলপিজির ৮৫ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থেকে
সেপ্টেম্বরে আমদানি করা এলপিজির ৮৫ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থেকে
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা বেড়েছে। এতে সরবরাহ বিঘ্নিত হওয়া ও দামের ওঠানামার ঝুঁকি তৈরি হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের মোট এলপিজি আমদানির ৮৫ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থেকে। এক বছর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ২৭ দশমিক ৪ শতাংশ।
একই মাসে ওমান, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি শূন্যে নেমেছে। গত বছরের সেপ্টেম্বরে মোট আমদানির ৪১ শতাংশ এসেছিল ওমান থেকে, ২১ শতাংশ ইরাক থেকে। এবার যুক্তরাষ্ট্র ছাড়া কঙ্গো প্রজাতন্ত্র ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে অল্প পরিমাণ এলপিজি এসেছে। দুই দেশ মিলে জুগিয়েছে মোট আমদানির ১২ শতাংশ। মালয়েশিয়া থেকে আমদানি ৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হয়েছে।
আমদানিকারকদের এখন আরও দূরের উৎস থেকে এলপিজি আনতে হচ্ছে। স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়ছে। পণ্য কেনার বাড়তি প্রিমিয়াম, পরিবহন ও বিমা ব্যয়ও বহন করতে হচ্ছে। দেশে প্রায় এক কোটি গ্রাহক মূলত রান্নার কাজে এলপিজি ব্যবহার করেন। বাড়তি আমদানি ব্যয়ের প্রভাব স্থানীয় বাজারদরেও পড়ছে।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সাবেক সভাপতি আজম জে চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য সংকটের আগে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এলপিজি আনার পরিবহন ব্যয় ছিল টনপ্রতি প্রায় ৮২ ডলার। এখন কিছু জাহাজমালিক টনপ্রতি ২৫০ ডলার পর্যন্ত দাবি করছেন।
আজম জে চৌধুরী সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা এলপিজির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা সরবরাহ নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। কারণ আমদানিকারকদের বিকল্প উৎস সীমিত। নাইজেরিয়া ও আলজেরিয়া বিকল্প সরবরাহকারী হতে পারে। তবে এসব বাজার থেকে এলপিজি সংগ্রহের অভিজ্ঞতা বাংলাদেশের আমদানিকারকদের খুব কম। তাঁর ভাষ্য, ভারতসহ বড় আমদানিকারক দেশগুলো আগামী তিন থেকে চার বছরের প্রয়োজনীয় চালান আগেই নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশের মতো ছোট দেশের জন্য সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
জেএমআই এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, তাঁর প্রতিষ্ঠান প্রায় ৮ হাজার টন এলপিজি আমদানি করেছে। সরবরাহ নিশ্চিত করতে সৌদি কন্ট্রাক্ট প্রাইসের (সিপি) চেয়ে টনপ্রতি ৩০০ থেকে ৩৫০ ডলার বেশি প্রিমিয়াম দিতে হয়েছে। তাঁর ভাষ্য, সংঘাতের কারণে জাহাজের প্রাপ্যতা কমেছে। ফলে জাহাজ জোগাড় করা এবং বিমা সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
দেশের এলপিজি খাতে একসময় বড় অংশীদারত্ব থাকলেও বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আমদানি এখন বন্ধ। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (বিক্রয় ও বিপণন) মো. রেদওয়ানুর রহমান বলেন, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি থাকা সত্ত্বেও জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে আমদানিকারকেরা চুক্তি অনুযায়ী পুরো পণ্য পাচ্ছিলেন না।
এ খাতে প্রায় ৩৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকলেও সক্রিয় আমদানিকারক ১০ থেকে ১২টি। বিইআরসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ১৭ লাখ ৪৩ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। এর প্রায় ৭১ শতাংশ এনেছে শীর্ষ পাঁচ আমদানিকারক। সবচেয়ে বেশি ২ লাখ ৯৬ হাজার টন এনেছে ইউনাইটেড আইগ্যাস। এরপর মেঘনা গ্রুপের ফ্রেশ এলপিজি এনেছে ২ লাখ ৮০ হাজার টন।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন