ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গাড়িতে আগুন, গোপালগঞ্জের কয়েক জায়গায় অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গাড়িতে আগুন, গোপালগঞ্জের কয়েক জায়গায় অবরোধ
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গাড়িতে আগুন, গোপালগঞ্জের কয়েক জায়গায় অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালের এই ঘটনার পাশাপাশি জেলার কাশিয়ানী ও সদর উপজেলাতেও সড়ক অবরোধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে মিছিল নিয়ে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরের কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়।

মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গিমাডাঙ্গায় টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সময় কয়েকটি দোকানও ভাঙচুর হয়। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ছাত্রলীগের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেন। ওসি জানান, এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাশিয়ানীতে সকাল সাতটার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় পোনা ও মাজড়ার মধ্যবর্তী ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ আছে। পুলিশ পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যান।

গোপালগঞ্জ সদরে দুপুর একটার দিকে লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। সেতুর একপাশে বিক্ষোভকারী এবং অন্যপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ কয়েকটি স্থানে ককটেল ফাটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, এসব নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। তাঁর ভাষ্য, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন