নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত জেলা পরিষদ পার্কে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের সমাগম। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের অবসর কাটানোর অন্যতম বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে শতবর্ষী এই পার্ক। তবে পার্কের শিশুদের খেলাধুলার সরঞ্জাম মেরামত করা হলেও মশার উপদ্রবে অতিষ্ঠ হচ্ছেন দর্শনার্থীরা।
জানা যায়, প্রায় ২ দশমিক ৪৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত নওগাঁ জেলা পরিষদ পার্কটি দীর্ঘদিন ধরে জেলার অন্যতম প্রধান জনবিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রবীণ ও মধ্যবয়সী মানুষ শরীরচর্চা ও হাঁটাহাঁটির জন্য এখানে আসেন। বিকেলে পার্কটি উন্মুক্ত থাকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য। বিশেষ করে ছুটির দিনে শিশু-কিশোর, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্কের পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পার্কের শিশুদের খেলাধুলার বিভিন্ন রাইডের অবস্থা ছিল নাজুক। অধিকাংশ দোলনা ও স্লিপারে মরিচা ধরেছিল। তবে বর্তমানে এসব সরঞ্জামের মেরামত ও রং করার মাধ্যমে সেগুলো সচল করা হয়েছে। এতে শিশুদের খেলাধুলার সুযোগ কিছুটা উন্নত হয়েছে এবং পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
তবে পার্কে দর্শনার্থীদের সংখ্যা বাড়লেও মশার উপদ্রব এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যায় মশার কারণে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফলে পার্কের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয়দের অভিমত, নওগাঁ জেলা পরিষদ পার্ক শুধু বিনোদনের স্থান নয়, এটি শহরবাসীর অবসর কাটানো, শরীরচর্চা ও শিশুদের নির্মল আনন্দের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই পার্কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ, মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিশুদের খেলাধুলার সরঞ্জামগুলোর নিয়মিত দেখভাল করা জরুরি।
তাঁদের মতে, যথাযথ তদারকি ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পার্কটি আরও সুন্দর, নিরাপদ ও আকর্ষণীয় হয়ে উঠবে। শহরবাসীর প্রত্যাশা, নওগাঁ জেলা পরিষদ পার্কটি যেন কখনো অভিভাবকহীন হয়ে না পড়ে এবং দীর্ঘদিন ধরে মানুষের বিনোদনের নির্ভরযোগ্য স্থান হিসেবে টিকে থাকে।

