ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বিটিএমএ। বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় এখনই নতুন সিদ্ধান্তের সুযোগ নেই বলে সভায় জানানো হয়েছে।

সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর
সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর

রপ্তানিমুখী পোশাক কারখানার জন্য ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সংগঠনটি এ দাবি তোলে। বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিটিএমএর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শামীম ইসলাম, সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সভায় ছিলেন।

বিটিএমএ বলেছে, স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন রক্ষায় বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা অত্যন্ত জরুরি। সংগঠনটি সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার বদলে ব্যাংক গ্যারান্টির আওতায় আমদানির বিধান চালুর প্রস্তাব দিয়েছে। ব্যাংক গ্যারান্টি পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং আমদানির জটিলতা দূর করার ওপরও জোর দিয়েছে তারা। এ ছাড়া ইডিএফ বণ্টনে সমতা ও আকার বাড়ানো এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স সহজ করাসহ আরও কিছু বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত চেয়েছে সংগঠনটি।

সভায় জানানো হয়, ১০-৩০ কাউন্টের সুতা আমদানির বিধানটি হাইকোর্ট বিভাগে বিচারাধীন। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

৮ সেপ্টেম্বর এনবিআর শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানিতে কড়াকড়ি আরোপ করে। ১০-৩০ কাউন্টের কটন সুতার বন্ড সুবিধা পুরোপুরি প্রত্যাহার করা হয়, তবে কারখানাগুলো ব্যাংক গ্যারান্টি সাপেক্ষে আমদানি করতে পারবে। বিটিএমএ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়, আর তৈরি পোশাক রপ্তানি খাতের কয়েকজন উদ্বেগ প্রকাশ করেন। আদেশ জারির ছয় দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত স্থগিতের জন্য এনবিআরকে চিঠি দেয়। এনবিআর এখনো সাড়া দেয়নি।

এরপর বিষয়টি আদালতে গড়ায়। ২৯ অক্টোবর হাইকোর্ট মন্ত্রণালয়ের স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং এর বৈধতা নিয়ে রুল জারি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেন। তিনি ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন