ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia
ঢালিউড

আদালত প্রাঙ্গণে পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ

সুজনের বড় ভাইয়ের অভিযোগ, তাঁরা আদালতের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পরীমনির দুজন দেহরক্ষী এসে ধাক্কা দেন এবং সুজনের মাথায় আঘাত করেন।

আদালত প্রাঙ্গণে পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ
আদালত প্রাঙ্গণে পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ

জামিন নিতে আদালতে আসা চিত্রনায়িকা পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

 আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। তাঁর সঙ্গে কালো পোশাক পরা ১১ জন দেহরক্ষী ছিলেন।

সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থী অভিযোগ করেছেন, আদালতের সামনে পরীমনির দেহরক্ষীর আঘাতে তাঁর মাথা ফেটে গেছে। সুজনের বড় ভাই জানান, পারিবারিক জমিসংক্রান্ত মামলায় দুই ভাই আদালতে এসেছিলেন। তাঁরা আদালতের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরীমনির দুজন দেহরক্ষী এসে ধাক্কা দেন এবং সুজনের মাথায় আঘাত করেন। মাথা থেকে রক্ত বের হতে থাকে। ঘটনার পর উপস্থিত কয়েকজন তাঁদের পাশের হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দেন।

আজ সকাল সাড়ে নয়টার দিকে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। কিছুক্ষণ গাড়িতে থেকে বেলা ১১টা ৪০ মিনিটে নামেন তিনি। প্রথমে ভুল আদালতকক্ষে ঢুকে পড়েন, পরে আরেকটি কক্ষ ঘুরে বেলা ১১টা ৫৫ মিনিটে সংশ্লিষ্ট আদালতে পৌঁছান। এ সময় তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে সাংবাদিক ও কয়েকজন আইনজীবীকে আদালতে ঢুকতে বাধা দেওয়া এবং অসদাচরণের অভিযোগ ওঠে। উপস্থিত আইনজীবী ও সাংবাদিকেরা প্রতিবাদ জানান। অতিরিক্ত ভিড় ও হট্টগোলের মধ্যে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

শুনানির পর আদালত ভবনের নিচেও কয়েকজন সাংবাদিককে মারধর ও তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে দেহরক্ষীদের বিরুদ্ধে। পরে সাংবাদিকেরা মুঠোফোন ফেরত পান। গাড়িতে ওঠার আগে পরীমনিও এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভিডিও করছিলেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তিনি এসব ঘটনা দেখেননি। এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশের আরও বেশি নিরাপত্তা দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন