যুক্তরাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, আদালত ও স্কুলসহ বিভিন্ন সরকারি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) লেখা অভিযোগ, চিঠি ও আইনি চ্যালেঞ্জের স্রোতে হিমশিম খাচ্ছে। সংস্থাগুলো জানাচ্ছে, এতে তাদের কাজের চাপ বহুগুণ বেড়েছে, অথচ সম্পদ আগে থেকেই সীমিত। পর্যবেক্ষকেরা এ প্রবণতার নাম দিয়েছেন ‘এআই ক্লগ’।
লেবার পার্টির এক সংসদ সদস্যের কার্যালয়ের জ্যেষ্ঠ কেসওয়ার্কার হলি উইকেনস বলেন, ‘২০২৪ সালে এটা শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা করে, এখন তা স্রোত।’ তাঁর ভাষ্য, কার্যালয়ে আসা অর্ধেক ইমেইল কোনো না কোনোভাবে এআইয়ের লেখা। এতে অনুরোধ ও অভিযোগ পড়া এবং সামলানো আরও জটিল ও সময়সাপেক্ষ হয়েছে। দশ বছরের অভিজ্ঞতা থাকলেও কাজটি আগের চেয়ে বেশি ক্লান্তিকর।
এ ধরনের চিঠি তৈরি করতে ব্যবহারকারীর কয়েক মুহূর্ত লাগে, কিন্তু তা পড়ে জবাব দিতে মানুষ কর্মীর অনেক সময় যায়। বার্লিনের হার্টি স্কুলের সেন্টার ফর ডিজিটাল গভর্ন্যান্স, কোঅপারেটিভ এআই ফাউন্ডেশন ও গভএআইয়ের গবেষকেরা সরকারি সংস্থাকে এভাবে এআইয়ের অনুরোধে ভরে ফেলার নাম দিয়েছেন ‘এজেন্টিক ফ্লাডিং’।
স্থানীয় সরকারের ৫ হাজার ৬০০ আইনজীবীর সংগঠন লয়ার্স ইন লোকাল গভর্নমেন্টের প্রধান নির্বাহী ডেবোরা ইভান্স বলেন, প্রায় সব খাতেই একই সমস্যা। অভিযোগ এখন আগের চেয়ে অনেক বেশি পেশাদার ও আনুষ্ঠানিক শোনায়। আগে স্থানীয় প্রশাসনের কাছে আসা অভিযোগ গড়ে দুই পৃষ্ঠার হতো। এখন বেশির ভাগ অভিযোগ তার ১০ গুণ বড়। সবচেয়ে বড় অভিযোগটি প্রায় ২০০ পৃষ্ঠার। ইভান্সের মতে, এআই অভিযোগকে প্রায় আইনি দাবির মতো করে সাজায়, আইন ও মামলার নজির টানে, কিন্তু সেগুলো সব সময় সংশ্লিষ্ট এখতিয়ারের নয়। কখনো কখনো এআই কিছু বানিয়েও ফেলে।
এনফিল্ড কাউন্সিলের নেতা অ্যালেসান্দ্রো জর্জিউ বলেন, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বেড়েছে, বিশেষ করে পার্কিং-সংক্রান্ত। ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) জানিয়েছে, এআইয়ে লেখা অনুরোধ অনেক সময় দীর্ঘ, পুনরাবৃত্তিমূলক এবং অসংলগ্ন মন্তব্যে ভরা থাকে। তবু এসব অনুরোধের জবাব মানুষকেই দিতে হবে। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) ২০২৫-২৬ সালে রেকর্ড ৪ হাজার ৭৬৯টি তথ্য অধিকার অনুরোধ পেয়েছে, যা আগের সর্বোচ্চ ২০২৩-২৪ সালের চেয়ে ৫ শতাংশ বেশি। এআইয়ে লেখা বলে মনে হওয়া আপিলও বেড়েছে।
নিয়োগকর্তারাও চাপে আছেন। এপ্রিল থেকে জুন সময়ে কর্মসংস্থান ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেড়ে ১৪ হাজারে পৌঁছেছে, আর জুনের শেষে খোলা একক-দাবিদার মামলা ছিল ৭০ হাজার। এক প্রযুক্তি স্টার্টআপের প্রতিষ্ঠাতা বলেন, ‘এখন সবার কাছেই বিনা পয়সার আইনজীবী আছে।’ কর্মদক্ষতার কারণে বরখাস্ত তাঁর এক সাবেক কর্মী ট্রাইব্যুনালে মামলা করেছেন। শুনানির আগে আইনি খরচ ৩০ হাজার পাউন্ডে পৌঁছাবে বলে তিনি আশা করছেন।
সংসদ সদস্যদের কর্মীদের সংগঠন জিএমবির লিসা গিলমোর বলেন, যেসব কার্যালয় নিজেদের হিসাব রাখে, সেখানে কেসওয়ার্ক দ্বিগুণ বা তার বেশি হয়েছে। ডানফার্মলিন অ্যান্ড ডলারের এমপি গ্রেম ডাউনির কার্যালয় ‘ক্লিক করে এমপিকে ইমেইল’ প্রচারণার স্বয়ংক্রিয় চিঠির জবাব দেওয়া বন্ধ করেছে।
কিছু ন্যায়পাল সংস্থা অভিযোগের শব্দসীমা বেঁধে দিচ্ছে। উইল্টশায়ার কাউন্সিল দীর্ঘ ইমেইলের সারসংক্ষেপ ও প্রাথমিক জবাব লিখতে এআই ব্যবহারের সম্ভাবনা দেখছে। গবেষকেরা আবেদন জমা কঠিন করা, আবেদনে ফি ধরা কিংবা সরকারি ওয়েবসাইটে বট আটকে দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রযুক্তি সাংবাদিক জেমি বার্টলেট বলেন, সরকারি সংস্থা ও কোম্পানিকে সম্ভবত কোনো না কোনো এআই দিয়ে তথ্য ছেঁকে নিতে হবে, অথবা কী গ্রহণ করা হবে সে বিষয়ে কঠোর নিয়ম করতে হবে। নইলে তারা পুরোপুরি ডুবে যাবে বলে তাঁর আশঙ্কা।
সূত্র: দ্য গার্ডিয়ান

