২০২৬ সালের শুরুতে থাইল্যান্ডের ডেটা সেন্টার শিল্প ছিল গতিময়। দেশটির বিনিয়োগ বোর্ড টিকটক, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্কাইলাইন ডেটা সেন্টার এবং সিঙ্গাপুরের ব্রিজ ডেটা সেন্টারসের প্রকল্প অনুমোদন দেয়। এসব প্রকল্পে মোট পরিকল্পিত বিনিয়োগ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার।
সেপ্টেম্বরে এসে থাইল্যান্ড ৪৯টি প্রকল্পের নির্মাণ থামিয়ে দিয়েছে। আরও ১১৭টি প্রকল্পের অনুমোদনের সিদ্ধান্তও স্থগিত রাখা হয়েছে। নিয়ন্ত্রণ ও নজরদারির জন্য পর্যাপ্ত তথ্যের অভাবের উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভার গভর্নর অনুমতিপত্র না থাকা ও পরিবেশগত মূল্যায়ন অসম্পূর্ণ থাকার কারণে একটি ডেটা সেন্টারের নির্মাণ বন্ধ করে দিয়েছেন।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের ২০২৬ সালের প্রতিবেদন বলছে, এশিয়া প্রশান্ত অঞ্চলে নির্মাণাধীন ডেটা সেন্টারের সক্ষমতার সবচেয়ে বড় অংশ, প্রায় ৫০ শতাংশ, দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এর বড় অংশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে। মালয়েশিয়ার জোহর রাজ্যে চালু ডেটা সেন্টারের সক্ষমতা ২০২৩ সালের ৯৪ মেগাওয়াট থেকে ২০২৬ সালে ১ হাজার ১১০ মেগাওয়াটে উঠেছে, যা দশ গুণের বেশি। আরও ৩ হাজার ৮৮ মেগাওয়াট নির্মাণাধীন বা পরিকল্পনায় আছে। জোহরের মেন্তেরি বেসার ওন হাফিজ গাজির তথ্য অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত এই রাজ্যে ডেটা সেন্টারে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ এসেছে।
সিঙ্গাপুর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নতুন ডেটা সেন্টারে স্থগিতাদেশ দিয়েছিল, কারণ এগুলো প্রচুর পানি ও বিদ্যুৎ ব্যবহার করে। এখন সেখানে অনুমোদন বাছাই করে দেওয়া হচ্ছে। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে দেশটিতে যুক্ত হয়েছে মাত্র ৯৫ মেগাওয়াট সক্ষমতা।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির হিসাবে, জোহরের মোট বিদ্যুৎ ব্যবহারের ২৪ শতাংশ এখনই ডেটা সেন্টারে যায়। ২০৩৫ সালের মধ্যে তা ৪০ শতাংশে উঠতে পারে। থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান বলেছেন, ডেটা সেন্টারে প্রচুর বিদ্যুৎ লাগে, যা আমদানি করা ব্যয়বহুল গ্যাস থেকে তৈরি হয়। তিনি বেশি শুল্কের আলাদা বিদ্যুৎ গ্রাহক শ্রেণি চালুর আহ্বান জানিয়েছেন।
পানির উদ্বেগও বড়। জোহর খরাপ্রবণ। থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক করিডোরে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে বাসিন্দারা ইতিমধ্যে ক্ষয়িষ্ণু জলাধারের ওপর চাপ নিয়ে চিন্তিত। গবেষণা ও প্রচারণা সংগঠন ইইসি ওয়াচের গবেষণা পরিচালক সমনাক জংমিওয়াসিন বলেন, চনবুরির খলং লুয়াং জলাধার বিরোধের প্রধান কেন্দ্র। জলাধারটি অগভীর ও চাপে থাকলেও কর্তৃপক্ষ তার পানি শিল্পাঞ্চলে সরবরাহ করছে।
ফেব্রুয়ারিতে জোহরে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য বিক্ষোভ হয়। চীনের জেডডেটা টেকনোলজিসের একটি প্রকল্পের সামনে বিক্ষোভকারীরা ধুলাদূষণ ও পানি সরবরাহে সম্ভাব্য প্রভাবের আশঙ্কা জানান। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির সহকারী অধ্যাপক জি-শেং ট্যান-সু বলেন, ডেটা সেন্টার বিনিয়োগ ও নির্মাণকাজ বাড়ালেও তুলনামূলকভাবে কম দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরি করে।
অপারেটররা বলছে, তারা সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়াচ্ছে। ব্রিজ ডেটা সেন্টারস জোহরে পানি পুনরুদ্ধার প্ল্যান্ট ও পাইপ নেটওয়ার্ক বানিয়েছে। এয়ারট্রাঙ্ক এপ্রিলে জোহর স্পেশাল ওয়াটারের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে। তবে মাইক্রোসফটের প্রকাশিত তথ্যে দেখা যায়, তাদের এশিয়া প্রশান্ত অঞ্চলের স্থাপনাগুলো বিশ্বের মধ্যে জ্বালানি দক্ষতায় সবচেয়ে পিছিয়ে।
সিঙ্গাপুর অনুমোদন জ্বালানি দক্ষতা ও কার্বন নিঃসরণের সঙ্গে যুক্ত করেছে। মালয়েশিয়া ডেটা সেন্টার টাস্কফোর্স গঠন করেছে। জোহর আর টিয়ার ১ ও টিয়ার ২ ডেটা সেন্টারের অনুমোদন দেবে না, যেগুলো দিনে ৫ কোটি লিটার পর্যন্ত পানি ব্যবহার করত। এটি ২ কোটি ৫০ লাখ মানুষের দৈনিক খাবার পানির সমান। থাইল্যান্ড জ্বালানি ও পানি ব্যবহার, বিদ্যুতের নিশ্চয়তা এবং বেশি শুল্ককে বিবেচনায় নিয়ে অনুমোদনের কাঠামো ঘোষণা করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

