বিয়ের সাজে তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। তাঁদের হাতেও বন্দুক। আজ মঙ্গলবার এমন কয়েকটি ছবি প্রকাশের পর তৈরি হয়েছে কৌতূহল।
ছবিগুলো প্রকাশ করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিয়ে। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। একই সঙ্গে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনয়শিল্পীদের নতুন লুক প্রকাশ করা হয়েছে। ছবি দেখে গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা গেলেও নির্মাতারা এখনই সব রহস্য খোলাসা করতে চান না।
সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি ফারিণকে। নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সুযোগ পেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’তে। সিরিজে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া।
ফারিণ জানান, নামের মতো চরিত্রটিও একটু ব্যতিক্রমী। সিরিজটি যেমন ডার্ক কমেডি, তাঁর চরিত্রেও তেমন অনেক অন্ধকার দিক আছে। এর আগে সিরিজে কখনো কমেডি করেননি তিনি। এবারই প্রথম।
কেন এই গল্প বেছে নিলেন, সেটিও জানিয়েছেন ফারিণ। তাঁর ভাষ্য, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার তিনি একটু ডার্ক কমেডি করতে চেয়েছেন। দর্শকেরাও নতুন স্বাদ পাবেন। তাঁর জন্যও এটি নতুন অভিজ্ঞতা।
সিরিজের ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন এই অভিনেতা ও সংগীতশিল্পী। শিবলু বলেন, এটা মজার গল্প, তবে তাঁর চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটি একেক সময় একেক রকম। গল্পে একটি পরিবারের গল্পও আছে, বিষয়টি তাঁর বিশেষ ভালো লেগেছে।
পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। পার্থ বলেন, চরিত্রের এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করেননি। প্রতিদিন চিত্রনাট্য পড়ে দেখছেন, অভিনয়ের কোন জায়গায় কী করা যায়।
দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর কাছে সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা। রাফাত বলেন, প্রতিটি পর্বের শেষে এমন কিছু থাকতে হয়, যাতে দর্শক পরের পর্বের জন্য অপেক্ষা করেন। গল্পেও বিভিন্ন স্তর থাকা প্রয়োজন। অবশেষে তেমন একটি গল্প পেয়েছেন তিনি। এবার তাঁরা ডার্ক কমেডি বেছে নিয়েছেন, যা তাঁর পরিচিত ঘরানা।
সিরিজটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার দাবি, এটি প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের নানা ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। থাকবে অপ্রত্যাশিত কিছু মুহূর্তও।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি তুলনামূলক কম। সে কারণেই এবার দর্শকদের জন্য এ ধরনের কাজ নিয়ে আসা হয়েছে। তাঁর প্রত্যাশা, ‘ডাকাতিয়া বাঁশি’ দর্শকদের নতুন ধরনের বিনোদন দেবে।
সিরিজটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। চরকি জানিয়েছে, শিগগিরই ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। ফারিণের হাতে পিস্তল কেন এবং তাঁকে ঘিরে থাকা তিন তরুণের সঙ্গে তাঁর সম্পর্ক কী, সেসব প্রশ্নের উত্তর মিলবে সিরিজটি মুক্তির পর।

