ব্যবহারকারী জন্মতারিখ বদলে নিজেকে প্রাপ্তবয়স্ক দেখালেও এআই প্রযুক্তির মাধ্যমে তাঁকে কিশোর হিসেবে শনাক্ত করবে মেটা। অনলাইনকে অপ্রাপ্তবয়স্কদের জন্য আরও নিরাপদ করতে বিশ্বব্যাপী এআইভিত্তিক বয়স অনুমান প্রযুক্তি চালু করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৯ নভেম্বর) মেটা এক ঘোষণায় এ কথা জানায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর অনলাইন আচরণ ও পোস্ট বিশ্লেষণ করে কিশোর-কিশোরী শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে তাঁদের অ্যাকাউন্টে বিশেষ সুরক্ষাব্যবস্থা ‘টিন অ্যাকাউন্ট’ যুক্ত হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রযুক্তিটি পরীক্ষা করা হয়েছিল। সফল প্রয়োগের পর এখন এটি বৈশ্বিক পর্যায়ে নেওয়া হচ্ছে।
চলতি মাস থেকে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক কিশোরদের জন্য ইনস্টাগ্রাম সেটআপ করেছেন, তাঁরা নতুন ব্যবস্থার নোটিফিকেশন পাবেন। চলতি বছরের শেষ দিকে ফেসবুক ও থ্রেডসেও এ অ্যালগরিদম সম্প্রসারণ করা হবে। ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলে অভিভাবকের নিয়ন্ত্রণ এড়ানোর সুযোগও এতে বন্ধ হবে।
টিন অ্যাকাউন্টে বেশ কিছু কড়াকড়ি থাকছে। প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে। রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব এড়াতে লাইক বা রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করে, এমন ফিচার লুকিয়ে রাখা হবে।
কোনো কিশোর অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে প্রথমবার চ্যাট করলে অভিভাবকেরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। আত্মহত্যা, আত্মক্ষতি বা খাদ্যাভ্যাসজনিত রোগের মতো সংবেদনশীল বিষয়ে সার্চ করলেও অভিভাবকদের কাছে সতর্কবার্তা যাবে। চেহারায় পরিবর্তন আনে, এমন ফিল্টারও সীমিত রাখা হবে।
বিশ্বের বিভিন্ন দেশের শিশু বিকাশবিশেষজ্ঞেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম তরুণদের জন্য আসক্তি তৈরি করে এবং তাঁদের মানসিক চাপে ফেলে। গত বছর অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
মেটা অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ইনস্টাগ্রাম শুধু একটি অ্যাপ। কিশোর-কিশোরীরা আরও অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে। তাই তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক ও ইউটিউবের মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মকেও এ ধরনের নিয়ম চালুর আহ্বান জানিয়েছে মেটা।
সূত্র: আল জাজিরা

