ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেছেন এক ব্যক্তি। তবে সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট থেকে ভিরারগামী একটি দ্রুতগতির লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরকে এলোপাতাড়ি ঘুসি মারছেন। এ সময় একজন আঘাত এড়াতে পেছনে সরে গেলে তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।
তিনি মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়েন। ট্রেনটির গতি তুলনামূলক কম থাকায় ওই যাত্রী প্রাণে বেঁচে যান।

