টাইটানিক ডুবেছে ১১৪ বছর আগে। এত বছর পর জাহাজটির মূল কাঠামোর বিমার নথি নিলামে উঠছে। এটি টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।
যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরের প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন নথিটি নিলামে তুলছে। নিলাম হবে ২১ নভেম্বর। নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নথি অনুযায়ী, টাইটানিকের ইস্পাতের কাঠামো বিমা করা ছিল ১ লাখ ডলারে। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এখনকার বাজারমূল্যে এ বিমার পরিমাণ প্রায় ৩৫ লাখ ডলারের সমান।
আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি ছিল টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী। বিমার নথি সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ। এর ১৯ দিন পর যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আরএমএস টাইটানিক। তখন জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ছিল। প্রাণ হারান জাহাজে থাকা দেড় হাজারের মতো মানুষ।
জাহাজডুবির ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে। ধারণা করা হয়, কাঠামোর বিমার ক্ষেত্রে অন্য কোনো একক প্রতিষ্ঠানের তুলনায় বেশি ঝুঁকি নিয়েছিল আটলান্টিক মিউচুয়াল। টাইটানিক পরিচালনা করত ওশেনিক স্টিম নেভিগেশন কোম্পানি। প্রতিষ্ঠানটি আটলান্টিক মিউচুয়ালের গ্রাহক।
নথিটি টাইপরাইটারে লেখা। নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত আছে। বিমার মেয়াদ এক বছর। ১৯১২ সালের ৩০ মার্চ থেকে এটি কার্যকর হওয়ার কথা।
হাতে লেখা শর্তে বলা আছে, ১৯১২ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাতটা বা এরপর বেলফাস্ট থেকে সাউদাম্পটনের উদ্দেশে জাহাজটির যাত্রা এবং ওই সময়ে পরীক্ষামূলক কোনো ঝুঁকি দেখা দিলে সেসব বিমার আওতায় থাকবে। এ শর্তের কারণে জাহাজটি বন্দরে পৌঁছানোর আগের যাত্রাও বিমার আওতায় এসেছিল। আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরুর আগেই জাহাজটি বিমার আওতায় থাকায় নথিটি বিরল ও ঐতিহাসিক।
নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রি হয়েছে, এমনটা আমাদের জানা নেই।’
আটলান্টিক মিউচুয়াল ১৮৩৮ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানে পরিণত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ক্ষয়ক্ষতির বিমার দাবি নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত এর বিমা করার অনুমোদন বাতিল হয়। ২০১১ সালে প্রতিষ্ঠানটি অবসায়নের (ব্যবসা গুটিয়ে নেওয়া) প্রক্রিয়ায় যায়।

