ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

কপ-৩১-এর প্রথম দিনে গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি

আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের প্রথম দিনে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য, পানির সংকট ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে।

কপ-৩১-এর প্রথম দিনে গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি
কপ-৩১-এর প্রথম দিনে গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম দিনের আলোচনায় খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও পানির সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং খাদ্য অপচয় রোধ নিয়েও আলোচনা হয়েছে।

তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হয়েছে এই সম্মেলন। মূল কূটনৈতিক আলোচনার ক্ষেত্র ব্লু জোন এবং নাগরিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত গ্রিন জোনের নানা আলোচনা, কর্মশালা ও সংলাপে এসব বিষয় উঠে আসে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশের জন্য খাদ্যব্যবস্থা ও কৃষির সুরক্ষা, নিরাপদ পানি এবং অভিযোজনের অর্থায়ন বিশেষ গুরুত্বপূর্ণ।

ব্লু জোনে খাদ্য ও কৃষি খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বৈরী আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা, বন্যা ও মাটির লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহব্যবস্থায় যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবিলার উপায় নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও আলোচনায় ওঠে। খাদ্য অপচয় ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রতিনিধিরা কৃষি ও বর্জ্য খাত থেকে নির্গত মিথেন গ্যাস কমাতে সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরেন।

গ্রিন জোনে জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য অপচয় রোধ এবং স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর মতো বিষয়ে আলোচনা হয়। সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানির প্রযুক্তি ও সম্ভাবনাও তুলে ধরা হয়।

সম্মেলনে বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক শাহ ইশরাত আজমেরি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই খাদ্যসংকটের মুখে আছে। বন্যাপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই সংকট আরও উদ্বেগের। তাঁর ভাষ্য, জলবায়ু তহবিলের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এটি নিশ্চিত হলে খাদ্যনিরাপত্তা কর্মসূচি আরও ফলপ্রসূ হবে।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের নগর গবেষক জাহাঙ্গীর আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা বিপর্যস্ত হওয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আছে। তিনি জানান, মোট জ্বালানি ব্যবহারের ৭০ শতাংশ নগরবাসীর এবং ৩০ শতাংশ গ্রামবাসীর। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হয়ে অনেক গ্রামীণ মানুষ জীবিকার সন্ধানে শহরে আসছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং নগর এলাকায় জ্বালানি ব্যবহারের বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়ার কথাও তিনি বলেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই হিসাব তুলে ধরে সম্মেলনে ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আগেই বলেছেন, বাংলাদেশ শুধু নিজের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলবে না। ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য তহবিলের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করবে।

সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পর্যন্ত তিনি সম্মেলনের উচ্চ পর্যায়ের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন